ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি আজ হোক বা কাল সংখ্যানুপাতিক (পিআর) সিস্টেমে নির্বাচন দাবি করবে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যেসব জায়গায় ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে, সেখানে ইসলামবিরোধী শক্তি অবশ্যই পরাজিত হবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে ফয়জুল করীম হুঁশিয়ারি দিয়ে বলেন,
“কোনো দিকে ঝুঁকে যাবেন না। প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন দিলে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন,
“নির্বাচন কমিশন নিজেই সংবিধানের বাইরে। যেহেতু কমিশন সংবিধানবিহীন, তাই পিআরও পদ্ধতিও সংবিধানবিহীন হওয়া উচিত। সংস্কার ও বিচার সম্পন্ন করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। না হলে দেশপ্রেমিক ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে একবার নির্বাচিত করে পরীক্ষা করার আহ্বান জানান মুফতি ফয়জুল করীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি অধ্যাপক লোকমান হাকীম। যৌথভাবে সঞ্চালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের এবং জেলার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আলহাজ মাওলানা নেছার উদ্দিন, বরিশাল-১ আসনের প্রার্থী মুহাম্মদ রাসেল সরদার মেহেদী ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ খান।
এছাড়া নগর ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা—মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, মুহাম্মাদ শেখ শামসুল আলম মিলন, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা জামিলুর রহমান, মাওলানা আজিজুল হক, মুফতি নাসির উদ্দিন নাইস, এইচ এম হাসানুজ্জামান মিরাজ এবং মাওলানা শরীফ আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।