লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, নজরুলগীতি, দেশাত্মবোধকসহ নানা ধারার গান পরিবেশন করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভীনের পরিচিতি ছিল ‘লালনকন্যা’ হিসেবে। পাঁচ দশক ধরে তার কণ্ঠে লালন সাঁইয়ের গান মানুষের হৃদয়ে আলোড়ন তুলেছে, আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধ নতুন মাত্রায় প্রতিফলিত হয়েছে তার গানে।
ড. ইউনূস বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও ফরিদা পারভীন গান থেকে সরে যাননি। সংগীতের প্রতি তার গভীর অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তিনি উল্লেখ করেন, একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর অবদান বাংলাদেশের সংগীত জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন চিন্তা ও সৃষ্টির উৎস হিসেবে কাজ করবে।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা প্রয়াত শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ফরিদা পারভীন শনিবার রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। লালনসংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়া এই শিল্পীর প্রস্থানকে দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।