ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক, যিনি সাদিক কায়েম নামেও পরিচিত। নির্বাচিত হওয়ার পর তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন, দায়িত্বের নতুন অবস্থানে গিয়েও তিনি আগের মতোই থাকবেন, তার আচরণ বা চরিত্রে কোনো পরিবর্তন আসবে না।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীদের এই বিজয়কে ছাত্ররাজনীতিতে বড় ধরণের মোড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
বিজয়ী হওয়ার পর সাদিক কায়েম বলেন, “আপনারা আমাকে আগে যেমন দেখেছেন, এখনও আমি তেমনই থাকব। ভিপি হওয়ার পর আমার মাঝে কোনো পরিবর্তন আসবে না। আমি সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করব এবং সবার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করব।”
তিনি আরও বলেন, তার মূল লক্ষ্য হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করা। শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সবার জন্য সমান সুযোগ তৈরি করা এবং একটি সহাবস্থানমূলক পরিবেশ গড়ে তোলার জন্য তিনি কাজ করবেন।
এদিকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সারা দেশে মিছিল না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই বিজয় আল্লাহর দান, তাই অহংকার না করে বিনয়ী হয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে।