ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে এবং এ পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো খবর পাওয়া যায়নি। তার ভাষায়, “গণমাধ্যমেও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ প্রচার হয়নি। এটা আনন্দের খবর।”
ডাকসু নির্বাচনের গুরুত্ব উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ডাকসু, জাকসুসহ যেসব নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে। ডাকসুর পর জাকসুসহ যে কয়েকটি নির্বাচন হবে, সেগুলোও ভালো পরিবেশে হবে বলে আশা করছি।”
তিনি আরও জানান, সরকারের নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। এ কারণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে। তার মতে, ডাকসু নির্বাচন থেকে শুরু করে পরবর্তী সব নির্বাচনই জাতীয় নির্বাচনের জন্য একটি প্রস্তুতির অংশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।”
প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে ২৩৪টি পদে লড়ছেন আরও ১,০৩৫ জন প্রার্থী।