ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আগের নিয়মে আর কোনো নির্বাচন দেশে হবে না। তিনি ঘোষণা দেন, এবার নির্বাচন হবে পিআর পদ্ধতিতে, কারণ প্রচলিত ব্যবস্থায় দেশের সর্বনাশ ছাড়া কিছু হয়নি।
মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“২৪ এর গণআন্দোলনে হাজার হাজার মা তাদের সন্তান হারিয়েছে, অসংখ্য ছেলে-মেয়ে পঙ্গুত্ববরণ করেছে। সেই আন্দোলনের নিশ্চয়ই উদ্দেশ্য ছিল দেশকে নতুনভাবে সাজানো। কিন্তু আজ আমরা দেখছি, দেশে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।”
পির সাহেব চরমোনাই বলেন, বর্তমান প্রচলিত নির্বাচন ব্যবস্থায় ফ্যাসিবাদ জন্ম নেয়, দেশের টাকা বিদেশে পাচার হয়। তিনি উদাহরণ টেনে বলেন, ফ্যাসিস্ট সরকারের একজন মন্ত্রীর মাত্র তিনটি দেশে ২২০টি বাড়ি রয়েছে, যার মূল্য ৫ হাজার কোটি টাকার ওপরে। এই টাকা জনগণের—কোনো পিতৃসম্পত্তি নয়। জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করার এই ধারা বন্ধ করতেই পদ্ধতির পরিবর্তন দরকার।
তিনি আরও বলেন,
“আমরা আগের নিয়মে নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চাই না। এই দেশকে বদলাতে হবে, সৎ মানুষের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তারেক জামিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইউসুফ আবরার। এসময় আরও বক্তব্য রাখেন এসএম আজিজুল হক, হাফেজ কেরামত আলী, অ্যাডভোকেট হানিফ মিয়া সরদার, এসএম আহসান হাবিব, মুফতি ফেরদৌস আহাম্মেদ ও মুফতি ইমরান হোসাইন।