কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল দখলকারীদের শুধু উচ্ছেদ করলেই হবে না, তাদের জেলখানায় পাঠাতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন ভাঙার পরিণাম দেখাতে না পারলে দখলচক্র আবার সক্রিয় হয়ে উঠবে।”
অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রকল্পের ব্যয় প্রথমে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭০০ কোটি টাকা। তবে অপ্রয়োজনীয় খাত বাদ দেওয়ায় এবং বাস্তবায়ন পদ্ধতি পরিবর্তন করায় খরচ কমে দাঁড়িয়েছে মাত্র ৩১৭ কোটিতে। তিনি বলেন, জনগণের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
পরিবেশ উপদেষ্টা আরও জানান, একসময় প্রাণবন্ত এই খাল সরাসরি বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত ছিল। স্থানীয় কৃষি, মৎস্যচাষ ও নৌপথে চলাচলের মূল ভরসা ছিল এটি। কিন্তু গত দুই দশকে দখল, ভরাট, অবৈধ স্থাপনা ও বর্জ্য ফেলার কারণে খালের প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। বর্ষা ছাড়া বছরের বাকি সময় খালটি পরিণত হয় দুর্গন্ধময় নর্দমায়।
স্থানীয় বাসিন্দারা জানান, খাল পুনঃখননের ফলে বর্ষার পানি নিষ্কাশন সহজ হবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা নিরসন হবে এবং পরিবেশের ভারসাম্য ফিরবে। একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, উদ্ধারকাজ যেন কোনো রাজনৈতিক প্রভাব বা আপসের মাধ্যমে ব্যাহত না হয়।
প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী। খাল খননের পাশাপাশি এতে পাড় বাঁধাই, ওয়াকওয়ে নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬ সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।