জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদ দেশের ভবিষ্যৎ ও আসন্ন নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তাদের কিছু পর্যবেক্ষণ রয়েছে, যা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় উত্থাপন করা হবে।
বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আমাদের কিছু অবজারভেশন আছে।
এগুলো নিয়ে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলব, মতবিনিময় করব। প্রধান ইস্যুগুলোতে আমরা (রাজনৈতিক দলগুলো) সবাই একমত হয়েছি।”
ডা. তাহেরের মতে, জুলাই সনদ শুধু রাজনৈতিক সমঝোতার ভিত্তি নয়, বরং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক শক্তি মিলিতভাবে সনদের আলোকে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারবে।
এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি গুলশানে রাত ১১টা পর্যন্ত বৈঠক করেন।
বৈঠক শেষে অসুস্থ হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই সনদ ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। জামায়াতসহ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় শুরু করলে নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।