ফিলিস্তিনে চলমান ইসরাইলি হামলা এবং ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। একইসঙ্গে, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও সংগ্রামের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে উভয় দেশ।
জাতিসংঘে ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই নেতা ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, চলমান সম্মেলন থেকে গঠনমূলক ও বাস্তবসম্মত সমাধানের দিকনির্দেশনা পাওয়া যাবে।
তারা নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ এবং পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনাও নিয়ে আলোচনা হয়।
ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, দুই দেশ অদূর ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ে সম্মত হয়েছে, যা পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করবে।