সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশে আগত চিনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ মঙ্গলবার ২২ জুলাই তিস্তা নদী পরিদর্শন করেছে। প্রতিনিধি দলটি জানিয়েছে, তিস্তা প্রকল্প বাস্তবায়নে তাদের নিজস্ব একটি মাষ্টারপ্ল্যান রয়েছে এবং তারা খুব দ্রুত এই মহাপরিকল্পনার কাজ শুরু করবে।
চীন সরকারের এই উদ্যোগে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তিস্তা নদী ও এর তীরবর্তী অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক কার্যক্রম বিস্তারে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
নদী পরিদর্শনের সময় চিনা প্রতিনিধি দলের সঙ্গে স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরের মানুষদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সরকারি ও বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় জনগণও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।