সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
ভারতের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এ কারণে তিস্তা নদীসংলগ্ন বাংলাদেশের লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
রবিবার (২১ জুলাই) সকাল ১০ টায় সেখানে পানি বিপৎসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিকেলের মধ্যেই তা বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।
গত ২৪ ঘণ্টায় ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বেড়েছে। এই পানি আরও বাড়বে এবং আগামী দুই দিন স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আগামী তিন দিন রংপুর বিভাগ ও উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
এদিকে, লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, তিস্তা তীরবর্তী এলাকার ইউএনও এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড মাঠে কাজ করছে এবং জেলা প্রশাসন বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
স্থানীয়দের প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।