সাইফুল ইসলাম, (পটুয়াখালী) প্রতিনিধি:
ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে কুয়াকাটায় ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌর বিএনপি। ঈদের ছুটিতে সৈকতে ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকদের হাতে তুলে দেওয়া হলো ভালোবাসার প্রতীক ফুল আর জানানো হলো ঈদের আন্তরিক শুভেচ্ছা।
শনিবার (৭ জুন) বিকেলে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এই মানবিক ও ব্যতিক্রমধর্মী আয়োজনটি অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা পর্যটকদের শুভেচ্ছা জানিয়ে হাতে তুলে দেন ফুল।
এই ব্যতিক্রমী আয়োজন পর্যটকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ঢাকা থেকে আসা এক পর্যটক বলেন,এটা একদম অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আনন্দদায়ক। কুয়াকাটার প্রকৃতি যেমন মুগ্ধ করে, এখানকার মানুষের আতিথেয়তা তার চেয়েও বেশি হৃদয় ছুঁয়ে যায়।
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক বলেন, আমরা সবসময় কুয়াকাটাকে ভালোবাসি। ঈদের মতো উৎসবমুখর সময়ে পর্যটকদের একটু ভালোবাসা ও আনন্দ দিতে পারলেই আমাদের এই আয়োজন সফল বলে মনে করি। আমরা চাই কুয়াকাটা হোক একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও পর্যটনবান্ধব পর্যটন নগরী।
এদিকে ঈদের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকের ভিড় প্রতিদিনই বাড়ছে। সৈকত ছাড়াও গঙ্গামতি বন, ফাতরার চর এবং কুয়াকাটা বৌদ্ধমন্দিরেও পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
স্থানীয়রা বলেন, এমন আয়োজনে পর্যটনের সঙ্গে মানুষের হৃদ্যতা যেমন বাড়ে, তেমনি শহরের ইতিবাচক ভাবমূর্তিও গড়ে ওঠে।