কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে মঙ্গলবার (২৭ মে) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতের আসামের মানকারচর থানার কাকরিপাড়া বিএসএফ
ক্যাম্প থেকে ১৪ জন নারী-পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ওঠে। আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭ এর ১ সাব এলাকায় বিএসএফ এই পুশ-ইন ঘটায়।
বিজিবি ওই ভারতীয় নাগরিকদের শূন্যরেখায় নিয়ে গেলে বিএসএফ উত্তেজিত হয়ে গালাগালি শুরু করে এবং হঠাৎ ৪ রাউন্ড গুলি ছোড়ে। বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের ওপারে ভারতীয় রাস্তায় বিপুল সংখ্যক বিএসএফ সদস্য অবস্থান নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সীমান্তে কড়া পাহারায় দাঁড়ায় এবং খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারাও নিরাপত্তা রক্ষায় অংশ নেন, যা সীমান্ত নিরাপত্তা বিষয়ে জনগণের সচেতনতার স্পষ্ট নিদর্শন।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্রুত কূটনৈতিক সমাধান কামনা করছে স্থানীয়রা।