বাংলাদেশের সঙ্গে উত্তেজনা এড়াতে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে ভারত। বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ওই কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘যেহেতু এখনই বেড়া দেওয়া জরুরি নয়। তাই উত্তেজনা, দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝি এড়াতে আমরা কিছু সময়ের জন্য বেড়া নির্মাণ স্থগিত রাখছি। এটি আবারও শুরু হবে। তবে আমরা কোনো সময় নির্ধারণ করছি না।’
বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে ভারত। কিন্তু, বিজিবির এবং স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে ওই সব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে তারা।
তিনি বলেন, ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো তাদের করা উচিত হয়নি। আমাদের আগের সরকার তাদের সেই সুযোগ দিয়েছিল।