লালমনিরহাটে এক বৃদ্ধা মাকে মা ঘর উপহার দিলো পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় দুপুরে গ্রীন ভয়েসের লালমনিরহাট জেলা ইউনিট ও গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখা ইউনিটের সদস্যরা এই ঘরটি হস্তান্তর করেন।
গ্রীন ভয়েসের পক্ষ থেকে এই বৃদ্ধা মাকে একটি মাথা গোঁজার ঠাঁই উপহার দেওয়া হয়েছে। সংগঠনটি শুধু পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন নিয়েই কাজ করে না, বরং মানবিক সংকটে পাশে দাঁড়ানোর দায়িত্বও পালন করে। প্রতিবছর বন্যা পরবর্তী সময়ে হতদরিদ্র বৃদ্ধা মায়েদের জন্য ঘর নির্মাণ করে উপহার দেওয়া তাদের নিয়মিত কার্যক্রম।
এই বৃদ্ধা মায়ের জন্য আগের দিনগুলো ছিল অত্যন্ত কষ্টকর। মাথার ওপর ছাদ ছিল না, শীতের ঠান্ডা, রোদ ও ঝড়-বৃষ্টি মোকাবিলা করে তিনি দিনযাপন করতেন। গ্রীন ভয়েসের সামাজিক উদ্যোগে এবার তাকে একটি ঘর উপহার দেওয়া হয়েছে, যা পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
গ্রীন ভয়েস বিশ্বাস করে, যুব সমাজ যদি এগিয়ে আসে, তবে পরিবেশ এবং মানবিকতার ক্ষেত্রেও একটি সুন্দর পৃথিবী গড়া সম্ভব। গ্রীন ভয়েসের এই উদ্যোগে স্থানীয়রা প্রশংসা করেছেন। তারা বলেন, এই ধরনের কাজ সমাজে সচেতনতা সৃষ্টি করবে।