পটুয়াখালীর দশমিনায় উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এমপি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদ হাসান মৃধা।
উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “রাস্তায় দুই একটা ককটেল বিস্ফোরণ করলে কিংবা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে প্রশাসন ও রাজনৈতিক দল প্রতিহত করবে। আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। নাড়াচাড়া করলে বামে-ডানে যেতে পারবেন না।”
এ সময় উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তর মহানগরের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ্ আলম শানু, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চায়েত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম ইমরান শাহিন, সংস্থার সদস্য আবুল বশারসহ স্থানীয় প্রবীণ ক্রীড়াব্যক্তিরা।
আয়োজক সূত্রে জানা যায়, ২০১১ সালের পর থেকে উপজেলা ক্রীড়া সংস্থার দৃশ্যমান কোনো কার্যক্রম ছিল না। জাতীয় সংসদ নির্বাচনের পর নতুনভাবে উপজেলা ক্রীড়া সংস্থা গঠন করা হয়। এরপর সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে উপজেলার সাতটি ইউনিয়ন অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের খেলাগুলো।
উদ্বোধনী খেলায় আলীপুর ইউনিয়ন ও বহরমপুর ইউনিয়ন মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বহরমপুর ইউনিয়নকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আলীপুর ইউনিয়ন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, উপজেলায় ক্রীড়ার মানোন্নয়নে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে খেলাধুলার আয়োজন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। উপজেলা পর্যায়ে ক্রীড়ার মানোন্নয়নে ইতোমধ্যে চারটি মাঠ সংস্কার করা হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলীপুর ও রণগোপালদী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।