মুন্সীগঞ্জ প্রতিনিধি
মাত্র এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইকে হত্যার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে বড় ভাই ও ভাবির বিরুদ্ধে। পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন বাগানে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয় মো. আলমগীরকে (৩৯)। এ ঘটনায় নিহতের ভাই, ভাবিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নিহত আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা। বিভিন্ন এলাকায় বাদাম ও বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। অবিবাহিত আলমগীরকে এলাকার মানুষ সহজ-সরল হিসেবেই চিনতেন।
পিবিআইয়ের তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে নিজের এক ভরি স্বর্ণালঙ্কার বড় ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫) ও ভাবি রিনা বেগমের (২৪) কাছে নিরাপদে রাখার জন্য দেন আলমগীর। কিন্তু তার অজান্তেই ওই স্বর্ণের তিন আনা একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন তারা। বিষয়টি জানতে পেরে স্বর্ণ ফেরত চান আলমগীর। এ নিয়ে সালিসও হয়। সেখানে স্বর্ণ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তা ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, গত ১১ নভেম্বর পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এ হত্যাকাণ্ড বাস্তবায়নে এক লাখ টাকায় ভাড়াটিয়া লোক ঠিক করা হয়েছিল। পরে ভাড়াটিয়া সন্ত্রাসী সাদ্দাম হোসেন (৩৩) ও শফিকুল ইসলাম (৩৩) দুটি মিশুক অটোরিকশায় করে আলমগীরকে রিকাবীবাজার হয়ে বালুচরের দিকে নিয়ে যায়। পথিমধ্যে তাদের সঙ্গে আরও দুজন যুক্ত হয়।
একপর্যায়ে সিরাজদিখান উপজেলার কালিনগর এলাকার একটি নির্জন আকাশমণি বাগানে নিয়ে যাওয়া হয় আলমগীরকে। সেখানে তার কাছে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় আলমগীর চিৎকার করলে ইট দিয়ে তার মাথায় একের পর এক আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি খড়ের স্তূপ দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
ঘটনার ছয় দিন পর, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকার ওই বাগান থেকে আলমগীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার নেয় পিবিআই মুন্সীগঞ্জ। তদন্তে নেমে নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন, ভাবি রিনা বেগম এবং কথিত ভাড়াটিয়া সন্ত্রাসী সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, গ্রেপ্তারদের মধ্যে তিনজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ইট এবং দুটি মিশুক অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পিবিআই। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন জানান, এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।