সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ। শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এই দাবি জানান তিনি।
ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘গত কয়েকদিন যাবত গোপালগঞ্জে আওয়ামীলীগ সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। দুইটি থানা পুড়িয়ে দিয়েছে । গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়িসহ অসংখ্য বাড়িঘরে আগুন দিয়েছে। ইতোমধ্যে ফরিদপুর, পিরোজপুর, নড়াইলে আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় ৪ জন নিহত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়ীতে অগ্নিসংযোগ করছে এই সন্ত্রাসীরা।’
হানিফ বলেন, ‘সারা পৃথিবীর মানুষ আওয়ামীলীগের এই সন্ত্রাসী কর্মকান্ড দেখছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এখন যা করছে তা কোন রাজনৈতিক কর্মকান্ড না,এগুলো স্পষ্টতই সন্ত্রাসী কর্মকান্ড। এই সন্ত্রাসীরা হাসপাতালেও হামলা ও ভাংচুর করেছে। আওয়ামীলীগ এখন আর কোন রাজনৈতিক দল নয়,এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী।’
তিনি লেখেন, ‘অর্ন্তবর্তীকালীন সরকারের সময় আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিলো।এখন সময় এসেছে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা ৬ ও ধারা ১৮/১ অনুযায়ী আওয়ামীলীগকে দল হিসেবে নিষিদ্ধ করা।
কেননা আওয়ামীলীগ জুলাই গণঅভ্যুত্থানের সময়ও মানুষ হত্যা করেছে। এমনকি গত কয়েকদিন যাবত প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে।’
তিনি আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পলাতক নেতারা বিদেশ থেকে অর্থায়ন করছে আর দেশে থাকা নেতাকর্মীরা রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করে মানুষের জানমালের ক্ষতি করছে।এমনকি রাষ্ট্রীয় সম্পদও বিনষ্ট করছে। সন্ত্রাসী বিরোধী আইন যে সব অপরাধের কারণে কোন দল নিষিদ্ধ হতে পারে,সেসব অপরাধ সংগঠিত করছে এই আওয়ামীলীগ। ফলে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী আইনগত ভাবেই তাদের নিষিদ্ধ করা যায়।’