সাম্প্রতিক সময়ে বোমা হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতা প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, নাশকতা প্রতিরোধে সরকার যতটুকু ব্যবস্থা নিয়েছে, তা ছিল লোকদেখানো বা ‘আইওয়াশ’। সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের। এতে ফ্যাসিবাদের দোসররা আরও উৎসাহিত হচ্ছে।
জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ তুলে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিরা কারাগারে বিশেষ সুবিধা পাচ্ছেন। সরকারের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করা হলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলা সম্ভব। সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে ঐক্যের আহ্বান জানালে বিরোধী দল সাড়া দেবে।
এদিকে সিলেটগামী সড়কের বেহাল অবস্থা ও রেলপথে ব্যবস্থাপনাগত জটিলতার কারণে আগামী ২১ নভেম্বরের সিলেট অভিমুখী লংমার্চ স্থগিতের ঘোষণা দেন তিনি। পরবর্তী কর্মসূচি ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে নির্ধারণ করা হবে বলে জানান আযাদ।
সংবাদ সম্মেলনে ১১-দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।