স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার হৃদ্যন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুকে ব্যথা অনুভব করার পর শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।
পরিবারের এক সদস্য জানান, স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। এখন তার এনজিওপ্লাস্টি করার প্রস্তুতি চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিকেলে স্টেন্ট বসানো হতে পারে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
ওই সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
এর আগে হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা নিয়ে শনিবার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার পর অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়।