জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যদের হট্টগোল ও প্রতিবাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, বিরোধী দলের সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘বেয়াদবি’ করছেন।
একই সঙ্গে আওয়ামী লীগের নাশকতার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে জামায়াত-এনসিপি বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় বিরোধী দলের প্রায় ৯০ জন সংসদ সদস্যের হট্টগোল ও প্রতিবাদ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধীদের এমন প্রতিক্রিয়াকে পরিকল্পিত আচরণ বলেও উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁনের অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা একদিকে নাশকতা চালাচ্ছে, অন্যদিকে জামায়াত-এনসিপি সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। এতে আওয়ামী লীগের নাশকতার দায় বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, বিরোধী দল আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা না দিয়ে সরকারকে দুর্বল করার প্রচেষ্টা চালাচ্ছে।
জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, দলটি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান থেকে সরে এসে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। তবে আওয়ামী লীগ ও জামায়াতের কথিত যৌথ রাজনৈতিক প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।