আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশকে জাহান্নামে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের পরিবর্তে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে এবং মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তাদের শাসনামলে দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা গেছে। ঢাকার রাস্তায় বেওয়ারিশ লাশ পড়ে থাকার ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, দেশের প্রতিটি সংকট ও দুঃসময়ে বিএনপি জনগণের পাশে থেকেছে। এ কারণে মানুষ বিএনপির ওপর আস্থা রাখে। একমাত্র বিএনপিই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছরে আওয়ামী লীগ সরকার নতুন গ্যাসকূপ খনন ও সমুদ্র থেকে গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে বর্তমান সংকট তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, এসব সমস্যার সমাধানে সময় প্রয়োজন। দেশকে অস্থিতিশীল না করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।