জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে পরিকল্পিত দাবি করে আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নুসরাত তাবাসসুম।
তিনি জানান, গত কয়েক দিন ধরে অপরিচিত ও স্ক্যাম নম্বর থেকে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে পাওয়া হুমকির কলসহ বিষয়টি উল্লেখ করে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি। তবে জিডির পরও হুমকি অব্যাহত ছিল।
নুসরাতের অভিযোগ, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক ও হুমকিস্বরূপ পোস্ট দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তার পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রোল বোমা হামলা বলে মনে হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, এ হামলা সুপরিকল্পিত এবং এর সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে তিনি মনে করেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা করার কথাও জানান তিনি।