সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর অভিযোগ, দেশে ফেরার পরিবর্তে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়টি সামনে এনে শেখ হাসিনা রাজনৈতিক স্ট্যান্টবাজি করছেন।
সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন রাশেদ খান।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে না ফেরার উদ্দেশ্যে স্ট্যান্টবাজি শুরু করেছেন। তাঁর মতে, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দায়িত্ব ভারতের। পাশাপাশি কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীর নামে পাসপোর্ট বা এনআইডি ইস্যু করার আইনগত সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
ভিডিও বার্তায় রাশেদ খান বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরুন। তিনি যেহেতু দেশ ছেড়ে ভারতে গেছেন, তাই তাঁকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ভারতের।
শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহী হলে আগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণ কী ছিল, সেই প্রশ্নও তোলেন রাশেদ খান। তাঁর ধারণা, দেশে ফিরলে শেখ হাসিনাকে ব্যাপক জনরোষের মুখে পড়তে হতে পারে। এমন পরিস্থিতিতে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা থেকেই শেখ হাসিনা দেশে ফিরবেন না বলে মনে করেন তিনি।
তবে শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন রাশেদ খান।