পটুয়াখালীর গলাচিপায় পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করা সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তারের বাল্যবিবাহ বন্ধ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বন্ধ হয় বিয়ের আয়োজন।
একই সঙ্গে ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
অন্যদিকে, যে মাদ্রাসায় ঝুমুর পড়াশোনা করছে, সেই প্রতিষ্ঠানের সুপার জানিয়েছেন, সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়া পর্যন্ত তার কোনো খরচ লাগবে না।
সোমবার (৯ নভেম্বর) ইউএনওর নির্দেশনায় চরবিশ্বাস ইউনিয়নের তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম এবং ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ ঝুমুরের বাড়িতে যান। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিয়ের আয়োজন বন্ধ করেন। পরে ঝুমুর ও তার পরিবারের সদস্যদের গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়।
সেখানে ঝুমুরের বাবার কাছ থেকে মেয়েকে বাল্যবিবাহ না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি ঝুমুরের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেন ইউএনও।
এদিকে, ভিডিও কলের মাধ্যমে ঝুমুরের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ সময় নিজের বাল্যবিবাহ বন্ধে ঝুমুরের সাহসী উদ্যোগের প্রশংসা করেন তিনি। পাশাপাশি তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।
জানা গেছে, ঝুমুর পড়াশোনা করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে। সে সপ্তম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে, শ্রেণিতে তার রোল নম্বরও ১। কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে পরিবার বিয়ের আয়োজন করেছিল। বিয়ের দিন ধার্য ছিল সোমবার (৯ নভেম্বর)। বিয়ের আগের দিনই নিজের বাল্যবিবাহ বন্ধ এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদ্রাসার সুপারের কাছে সহযোগিতা চায় ঝুমুর।
পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দ্রুত পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন। ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হয় বিয়ের আয়োজন। প্রশাসনের সহযোগিতা, প্রতিমন্ত্রীর আশ্বাস এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সহায়তায় নতুন করে পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে মেধাবী ঝুমুর।