সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে পিটুনি; ভিডিও ভাইরাল হওয়ায় বিব্রত পরিবার

নীলফামারীর জলঢাকায় রাস্তার পাশে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক কলেজছাত্র। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। তবে পুলিশি তদন্তে চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরদিন স্থানীয়ভাবে আপস-মীমাংসার পর স্বজনদের কাছে ওই যুবককে হস্তান্তর করা হয়। এদিকে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ভুক্তভোগী […]

প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে পিটুনি; ভিডিও ভাইরাল হওয়ায় বিব্রত পরিবার

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ১৯:০৩

নীলফামারীর জলঢাকায় রাস্তার পাশে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক কলেজছাত্র। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। তবে পুলিশি তদন্তে চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

পরদিন স্থানীয়ভাবে আপস-মীমাংসার পর স্বজনদের কাছে ওই যুবককে হস্তান্তর করা হয়। এদিকে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।

ঘটনাটি গত ৬ নভেম্বর নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম কাঁঠালি পণ্ডিতপাড়া গ্রামে ঘটে। মারধরের শিকার যুবকের নাম আব্দুর রাজ্জাক (২৩)। তিনি ডোমার উপজেলার পশ্চিম হরিণচড়া মিস্ত্রিপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।

রাজ্জাক নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি নিজ এলাকায় বাবুরডাঙ্গায় একটি মুদির দোকান পরিচালনা করেন।

জানা যায়, গত ৬ নভেম্বর ব্যবসায়িক কাজে সহযোগী ও হরিণচড়া আঠিয়াবাড়ি এলাকার সাত্তার আলীর ছেলে ভ্যানচালক মো. সোলায়মানকে (২২) সঙ্গে নিয়ে ব্যক্তিগত একটি কাজে মোটরসাইকেলে করে ডোমার থেকে জলঢাকায় যান আব্দুর রাজ্জাক।

কাজ শেষে বাড়ি ফেরার পথে পশ্চিম কাঁঠালি পণ্ডিতপাড়া এলাকায় পৌঁছালে তার প্রস্রাবের চাপ আসে। এ সময় সোলায়মানকে মোটরসাইকেলসহ সড়কে দাঁড় করিয়ে রেখে একটি বাড়ির পেছনে প্রস্রাব করতে যান তিনি।

এ সময় ওই বাড়ির লোকজন তাকে চোর সন্দেহ করে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে আব্দুর রাজ্জাককে আটক করে মারধর শুরু করেন। এ পরিস্থিতিতে সঙ্গে থাকা সোলায়মান ভয়ে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অন্যদিকে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেও হামলার হাত থেকে রক্ষা পাননি রাজ্জাক। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন এবং পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার পর জলঢাকা থানা পুলিশ বিষয়টি তদন্ত করে চুরির অভিযোগের কোনো সত্যতা পায়নি। পরদিন শনিবার স্থানীয়ভাবে আপস-মীমাংসার পর গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আব্দুর রাজ্জাককে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

তবে ততক্ষণে তাকে আটক ও মারধরের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে চোর হিসেবে উপস্থাপন করায় ভুক্তভোগী ও তার স্বজনেরা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি সোলায়মানের সঙ্গে তার একটি কাজে জলঢাকায় গিয়েছিলাম। ফেরার পথে প্রস্রাব করার জন্য একটি জায়গায় দাঁড়াই। এ সময় সেখানকার লোকজন আমাকে চোর সন্দেহে প্রচুর মারধর করেন।

একপর্যায়ে আমাকে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা না পাওয়ায় পরিবারের হাতে তুলে দেয়। কিন্তু আমাকে মারধরের ভিডিওটি অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

সেখানে আমাকে চোর হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও ফেসবুকের ওই ভিডিও দেখে আমরা খুব বিব্রতকর অবস্থায় পড়েছি।’

সঙ্গে থাকা মো. সোলায়মান বলেন, ‘আমার একটি কাজে আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে জলঢাকায় গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে রাস্তার পাশে প্রস্রাব করার জন্য সে গাড়ি থামাতে বলে। এরপর সে প্রস্রাব করতে বসে।

এ সময় পাশের একটি বাড়ির লোকজন চোর বলে চিৎকার শুরু করলে এলাকার লোকজন এসে তাকে আটক করে মারধর করেন। অনেক বেশি লোকজন দেখে আমিও ভয় পেয়ে যাই। আমাকে মারধর করতে পারে এবং মোটরসাইকেল ভেঙে দিতে পারে এমন আশঙ্কায় আমি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসি।’

আব্দুর রাজ্জাকের স্বজনেরা জানান, যে অভিযোগে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল, সেটির কোনো সত্যতা নেই। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন। এতে তারা পারিবারিকভাবেও নানা কথা শুনছেন।

ঘটনার দিন মারধরের কারণে আব্দুর রাজ্জাক এখনো অসুস্থ। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন।

হরিণচড়া ইউনিয়ন পরিষদের মোঃ রাসেল রানা বলেন, ‘আব্দুর রাজ্জাক অত্যন্ত নম্র ও ভদ্র একটি ছেলে। তার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সেটি সত্যিই দুঃখজনক। আমরা খবর পেয়ে খোজ নিয়ে জেনেছি যারা প্রকৃত সত্য না জেনে তাকে আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন, তারাও পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন।’

প্রত্যক্ষদর্শী সুমন ও রুবেল জানান, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, চোর সন্দেহে এক যুবককে আটক করে মারধর করছেন স্থানীয়রা। পরে তারা জানতে পারেন, ওই যুবক চুরির উদ্দেশ্যে সেখানে যাননি; বরং প্রস্রাব করতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হয়েছেন।

তবে ঘটনার দুই দিন আগে ওই গ্রামে কয়েকটি চুরির ঘটনা ঘটেছিল। এলাকাবাসী জানান, চুরির আতঙ্ক থেকেই তারা এমন ঘটনা ঘটিয়েছেন।

ইউপি সদস্য নন্দলাল রায় জানায়, ওই এলাকাটাতে কিছুদিন পূর্বে টিউবওয়েলে অচেতন করার ওসুধ মিশিয়ে কয়েকটি পরিবারের স্বর্ন, টাকা ও মালামাল চুরি হয়েছিলো। এ ঘটনার পর থেকে ওই এলাকার লোকজন বেশ আতঙ্কে। শুক্রবার ডোমারের এক ছেলে আটক করেছিলো এলাকাবাসী পরে ছেলেটিকে আটকের পর সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেয়ার খবর শুনেছি।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম জানান, চোর সন্দেহে ডোমারের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ঘটনার সত্যতা না পাওয়ায় স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হয়। গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই যুবককে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সারাদেশ

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে। হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া […]

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে।

হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া তথ্য থেকে তাজমিনের কক্সবাজারে অবস্থান ও বাড়ি ফেরার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত একটি তিনতলা আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠে তাজমিন ও রিয়াজ। সেখানে তাজমিনের নাম ‘তানজু আক্তার’ এবং বয়স ১৮ বছর উল্লেখ করা হয়। রিয়াজের ঠিকানা হিসেবে বান্দরবানের লামা এলাকার তথ্য দেওয়া হয়। তার বাবার নাম লেখা হয় মনির আহমদ।

হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক রাত অবস্থানের পর ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছেড়ে চলে যান। রেজিস্টারে রিয়াজের দুটি মুঠোফোন নম্বর ও একটি জাতীয় পরিচয়পত্র নম্বরও পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর হোটেল ছাড়ার পর রিয়াজ তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন। এরপর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। অভিযোগ অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া তাকে ধর্ষণের পর হত্যা করেন।

পরদিন ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় করা হত্যা মামলায় সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়।

রিয়াজের এক সহকর্মীর দাবি, ঘটনার প্রায় ১৭ দিন আগে ফেসবুকের মাধ্যমে তাজমিনের সঙ্গে রিয়াজের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাজমিন কক্সবাজারে গেলে তারা একসঙ্গে সময় কাটান।

তবে রিয়াজের ঘনিষ্ঠ অন্য একটি সূত্রের দাবি, প্রায় পাঁচ মাস আগে তাদের পরিচয় হয়েছিল এবং এরপর থেকে নিয়মিত যোগাযোগ ছিল।

তাজমিনের বাড়ি ছাড়ার বিষয়ে জানা যায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যায়।

সেখান থেকে মুঠোফোনে রিয়াজের সঙ্গে যোগাযোগ করলে তাকে কক্সবাজারে আসতে বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যাতায়াতের খরচ হিসেবে রিয়াজ বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠিয়েছিলেন বলেও জানা গেছে।

সহকর্মী জানান, কক্সবাজার থেকে ফেরার জন্য ‘আইকনিক এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসের টিকিট কিনে তাজমিনকে তুলে দেন রিয়াজ। টিকিটের মূল্য ছিল ৯০০ টাকা।

ওই সহকর্মীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রিয়াজের মুঠোফোনে যোগাযোগ হচ্ছিল। এমনকি অটোরিকশাচালক সম্পর্কে কিছু তথ্যও রিয়াজকে জানিয়েছিল তাজমিন।

তবে রাত আনুমানিক দেড়টার দিকে তাজমিনের মুঠোফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দাবি করেন ওই সহকর্মী।

পরদিন টেলিভিশনের সংবাদে তাজমিনের হত্যার খবর জানতে পেরে রিয়াজ হতবাক হয়ে পড়েন বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজের এক সহকর্মী আরও জানান, হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর রিয়াজ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে সহযোগিতা চান। তাজমিনের হত্যার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ওই সহকর্মীর তথ্য অনুযায়ী, রিয়াজ প্রায় তিন বছর ধরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কাজ করছেন। ঘটনার পর তিনি কর্মস্থল থেকে ছুটিতে রয়েছেন।

এদিকে রিয়াজের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য সরাসরি জানা সম্ভব হয়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তাজমিন হত্যার ঘটনায় মুঠোফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্ত শেষ হলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পরিষ্কার হবে।

তবে তাজমিনের কক্সবাজারে অবস্থান, হোটেলের রেজিস্টারে ভিন্ন নাম ও বয়স ব্যবহার এবং রিয়াজের সঙ্গে তার যোগাযোগের বিষয়গুলো তদন্তে কীভাবে বিবেচিত হচ্ছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

সারাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম […]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও সেনবাগ থানা পুলিশকে ঘটনাটি জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা অফিস কক্ষে প্রবেশের পর দুটি স্টিলের আলমিরা ও একটি ফাইল কেবিনেটের তালা ভেঙে ফেলে। এরপর সেখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রধান শিক্ষক রোকেয়া বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

সারাদেশ

মধুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের কলা ও আনারস বাগানের বেহাল অবস্থা

মধুপুর উপজেলার জয়নাগাছা, সোলাকুড়ীসহ আশপাশের এলাকায় ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভেঙে গেছে অসংখ্য কলাগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে আনারস, পেঁপেসহ বিভিন্ন ফসলের বাগান। কৃষকদের ভাষ্য, বছরের পর বছর পরিশ্রম আর বিনিয়োগের পর ফলন পাওয়ার সময় এমন ঝড় তাদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। হরিণধরা গ্রামের কৃষক আবু সায়েম হোসেন বলেন, জীবনের প্রায় অর্ধেক […]

মধুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের কলা ও আনারস বাগানের বেহাল অবস্থা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২১

মধুপুর উপজেলার জয়নাগাছা, সোলাকুড়ীসহ আশপাশের এলাকায় ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভেঙে গেছে অসংখ্য কলাগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে আনারস, পেঁপেসহ বিভিন্ন ফসলের বাগান।

কৃষকদের ভাষ্য, বছরের পর বছর পরিশ্রম আর বিনিয়োগের পর ফলন পাওয়ার সময় এমন ঝড় তাদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। হরিণধরা গ্রামের কৃষক আবু সায়েম হোসেন বলেন, জীবনের প্রায় অর্ধেক পুঁজি তিনি আনারস ও কলাবাগানে ব্যয় করেছেন। আকস্মিক এই ঝড়ে তার সব আশা-আকাঙ্ক্ষা যেন মুহূর্তেই শেষ হয়ে গেছে।

কৃষকদের কাছে কলাগাছের মাজা ভেঙে যাওয়া শুধু একটি গাছের ক্ষতি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে তাদের পরিবারের স্বপ্ন ও জীবিকার হিসাব। আকস্মিক এই ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষা।