কাওসার আহমেদ
‘হত্যাকারী যে-ই হোক, শাকিল হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে আমি তার পরিবারের পাশে থাকব।’ নাটোরের গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় এ কথা বলেছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে চাঁচকৈড় বাজারের আমজাদ শেখ স্মৃতি গেট সংলগ্ন এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রতি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার প্রসঙ্গ তুলে সংসদ সদস্য আরও বলেন, হত্যাকারী যে-ই হোক, ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি শাকিলের পরিবারের পাশে থাকবেন।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে আব্দুল আজিজ বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ৭ নভেম্বরের যে চেতনা বিএনপি লালন করে, সেই চেতনা ধারণ করেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে ধারণ করে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের সভাপতিত্বে জনসভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্যসচিব সুফি আবু সাইদ, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, সাবেক সাধারণ সম্পাদক শাহিন কাওছারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সমবেত হন। পরে সেখান থেকে র্যালি বের হয়ে চাঁচকৈড় বাজারের আমজাদ শেখ স্মৃতি গেট সংলগ্ন জনসভাস্থলে গিয়ে শেষ হয়।
এদিকে জনসভাস্থলে কালো স্কচটেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ঘিরে রাখে। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।
গুরুদাসপুর থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘কালো স্কচটেপে মোড়ানো একটি বস্তু উদ্ধার করা হয়েছে। তবে পরীক্ষা ছাড়া সেটি আসলে কী, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’