জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর উচ্চপর্যায়ের ‘ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট’-এ যোগ দিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাবে বাংলাদেশ।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত সফরে দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর বসবে বিশ্বনেতাদের জলবায়ু সম্মেলন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের স্বল্প অবদান সত্ত্বেও দেশটি এর মারাত্মক প্রভাব মোকাবিলা করছে। তাই উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য জলবায়ু অর্থায়নের দাবি তুলে ধরবে বাংলাদেশ।
তিনি আরও বলেন, জলবায়ু সহনশীলতা ও অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের পাশাপাশি খাল খনন, বৃক্ষরোপণ এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের নেওয়া উদ্যোগগুলো সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া প্যারিস জলবায়ু চুক্তির বাস্তবায়ন, জলবায়ু অভিযোজন জোরদার এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন বাড়ানোর বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
উল্লেখ্য, কপ৩১ সম্মেলন আয়োজন ও সভাপতিত্ব করছে তুরস্ক। তবে সম্মেলনের মূল আলোচনা ও দরকষাকষির সভাপতিত্বের দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়া।