জুলাই সনদের আলোকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাঠামোগত সংস্কার, সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক হয়রানি বন্ধসহ ১৩ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভের পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
তিনি অভিযোগ করেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। পিএসসি, ইউজিসি, বিচার বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণের চেষ্টাও চলছে বলে দাবি করেন তিনি।
ছাত্রশিবিরের প্রস্তাবনায় পিএসসির চেয়ারম্যান ও সদস্য নিয়োগে নিরপেক্ষ বাছাই কমিটি গঠন, নবম ও দশম গ্রেডসহ সব সরকারি নিয়োগ পিএসসির অধীনে আনা এবং ‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’ নীতি বাস্তবায়নের দাবি জানানো হয়।
এ ছাড়া নিয়োগ প্রক্রিয়া ১২ মাসের মধ্যে সম্পন্ন, পুলিশ ভেরিফিকেশন ১৫ কার্যদিবসে শেষ এবং মৌখিক পরীক্ষার অডিও রেকর্ড সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত এক হাজার ২০০ জনের বেশি প্রার্থীকে নিয়োগ না দেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্তও দাবি করেন শিবির সভাপতি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।