আওয়ামী লীগকে ‘গোখরা সাপ’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে এমন ব্যক্তিরা রয়েছেন, যাঁরা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছেন।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে ‘রাষ্ট্র পুনর্গঠন ও তরুণদের কর্মসংস্থান’ প্রতিপাদ্যে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগ একটি গোখরা সাপ। আপনি এদের থেকে সতর্ক থাকুন। আপনার মন্ত্রণালয়ে অনেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। তাদের বিষয়ে সতর্ক হোন।’
গোয়েন্দা সংস্থার তথ্য পুনরায় যাচাই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি বাতির নিচের অন্ধকার দেখতে পান না। যারা আপনার সমস্যা তৈরি করবে, তারা আপনার আশপাশেই রয়েছে।’
পাটওয়ারী আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমানকে তাঁরা শ্রদ্ধা করেন। তবে রাষ্ট্র পরিচালনাকে পারিবারিক ব্যবসা মনে করলে জবাবদিহির প্রশ্ন উঠবে।
সরকারের কাছে তরুণদের কর্মসংস্থান, নিরাপত্তা, চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে জবাব চান তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, এসব প্রশ্নের উত্তর দিতে হবে। অন্যথায় ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশ পরিচালনায় এনসিপি প্রস্তুত রয়েছে দাবি করে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।