প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের প্রতি ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মজলুম থেকে জালিম হয়ে ওঠা উনিই হয়তো আবার মজলুম হলে এই সংবাদমাধ্যমকেই আর্তচিৎকার করে বলবেন, আমাকে বাঁচান! আমাকে বাঁচান।”
শফিকুল ইসলাম মাসুদের এই মন্তব্যে উঠে এসেছে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় রাশেদ খানের আলোচিত ফেসবুক লাইভের প্রসঙ্গ।
২০১৮ সালের ১ জুলাই রাজধানীর মিরপুর-১৪ নম্বরের ভাষানটেক বাজার এলাকার একটি বাসা থেকে ফেসবুক লাইভে এসে রাশেদ খান দাবি করেছিলেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে ধাওয়া করছে এবং বাসার দরজায় ধাক্কা দিচ্ছে। ওই লাইভে তাঁকে বলতে শোনা যায়, ‘আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচান।’
পরে ওই দিনই কোটা সংস্কার আন্দোলনের তৎকালীন যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।