যুবদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, রাজপথের আন্দোলনে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে জাতীয়তাবাদী যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। অতীতে সংগঠনটির নেতাকর্মীরা গুলিতে নিহত, হামলায় আহত ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এত অত্যাচারের পরও যুবদলকে দমিয়ে রাখা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।
জুলাই-আগস্টের আন্দোলনে যুবদলের ভূমিকার কথা উল্লেখ করে নয়ন বলেন, সে সময় গণমাধ্যমের ওপর নজরদারি থাকায় অনেক ঘটনা প্রকাশ করা সম্ভব হয়নি। এরপরও গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে আন্দোলনে যুবদলের ভূমিকা সম্পর্কে মানুষ জানতে পেরেছে বলে দাবি করেন তিনি।
যুবদল কখনো থেমে থাকতে পারে না উল্লেখ করে রবিউল ইসলাম নয়ন বলেন, দেশের প্রয়োজনে সংগঠনটির নেতাকর্মীরা সব সময় ত্যাগ স্বীকারে প্রস্তুত। একটি মহল যুবদলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীরা কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। তাঁরা গুপ্ত হামলার পরিবর্তে রাজপথে থেকে অন্যায়ের প্রতিবাদ করেন। নির্যাতন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে যুবদল সব সময় প্রতিবাদী ভূমিকা পালন করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন এই নেতা।