ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিলেও দেশটির উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গোপনে বৈঠক করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁনের দাবি, গত ১৬ অক্টোবর মাগরিবের পর রাজধানীর বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের ওই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে জামায়াত নেতা এ টি এম মা’ছুমসহ মোট তিনজন অংশ নেন বলেও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, যারা সারাক্ষণ ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, তাঁরা কোন স্বার্থে দেশটির একজন উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে বসেছেন? তাঁর মতে, ভারতীয় কোনো কূটনীতিকের সঙ্গে বৈঠক করা এবং দেশটির উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করা এক বিষয় নয়।
রাশেদ খাঁন আরও বলেন, মিয়া গোলাম পরওয়ার নৈতিক রাজনীতিতে বিশ্বাসী হলে তিনি এ বৈঠকের বিষয়টি প্রকাশ্যে ব্যাখ্যা করবেন বলে আশা করেন। অন্যথায় জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত—এমন ধারণা তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের পরিকল্পনাকে সম্ভাব্য ষড়যন্ত্রের প্রথম ধাপ বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন।
তবে বৈঠকসংক্রান্ত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।