স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামে বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আঁতাতের অভিযোগ তুলে তিনি বলেছেন, কার সঙ্গে কার সমঝোতা ছিল, তা জাতি জানে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তোতারখিল আয়েশা উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রান্তিক ও অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বক্তব্যে এ্যানি চৌধুরী বলেন, বিরোধী দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের কেউ কেউ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর অভিযোগ। ১৯৮৬ ও ১৯৯৬ সালের রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কার সঙ্গে কার আঁতাত ছিল, তা সবাই জানে। ফ্যাসিস্টদের সঙ্গে মিলে বিরোধী দলগুলো ১৭৩ দিন হরতাল-অবরোধ করেনি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে দত্তপাড়া ইউনিয়নের প্রান্তিক ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ১৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য, নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি, আয়ের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব কামরুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব, জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুরের জেলা কর্মকর্তা আনোয়ার পাশা, চিকিৎসক ডা. বি কে দাস বিজয়, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান লিঠনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আহসান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সংগঠনটি শিক্ষা, পরিবেশ, শিশুর বিকাশ, সামাজিক উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।