দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম—তিনটি পৃথক অঞ্চলে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বগুড়ার হোটেল মম-ইনের অডিটোরিয়ামে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম।
মীর শাহে আলম বলেন, বিগত নির্বাচনে একটি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের পকেটের লোক মনে করত। তবে সেই ধারণা থেকে বেরিয়ে এসে তারা বিএনপির প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন।
তিনি আরও বলেন, সেই আস্থার প্রতিফলন হিসেবে সারা দেশে প্রায় ১ হাজার ২০০টি অতিরিক্ত পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি যে বিশ্বাস রেখেছেন, তার মূল্যায়ন করতে পেরেছে তারেক রহমানের নেতৃত্বাধীন জনগণের সরকার।
প্রতিমন্ত্রীর ভাষ্য, প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা সম্মিলিতভাবে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছেন। এর ফলে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, ‘বট ও গুপ্ত শুধু জামায়াত ও আওয়ামী লীগে নয়, বিএনপির মধ্যেও আছে।’