নূর আলম, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে আগামী ৩১ ডিসেম্বর শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা, টঙ্ক আন্দোলনের মহানায়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের স্মরণে আয়োজিত সাত দিনব্যাপী এ মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় দুর্গাপুরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মেলা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত সভায় মেলার সার্বিক ব্যবস্থাপনা, মাঠ প্রস্তুত, শৃঙ্খলা রক্ষা, প্রচার-প্রচারণা ও সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মেলা উদযাপন কমিটির সাজসজ্জা ও প্রচার উপকমিটির আহ্বায়ক মোরশেদ আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও কমরেড মণি সিংহের একমাত্র সন্তান কমরেড ডা. দিবালোক সিংহ।
সভায় উপস্থিত ছিলেন মেলা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অজয় সাহা ও আব্দুল্লাহ আল মামুন, সমন্বয়কারী আলকাছ উদ্দিন মীর, মাঠ ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, স্বেচ্ছাসেবক উপকমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও সদস্য সচিব বিদ্যুৎ সরকার।
এ ছাড়া অভ্যর্থনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মানেশ সাহা, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, সদস্য সচিব তোবারক হোসেন খোকন, অ্যাডভোকেট সজয় চক্রবর্তীসহ মেলা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মেলার সার্বিক আয়োজন সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর করতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। মেলার বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট উপকমিটিগুলোর সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
উল্লেখ্য, কমরেড মণি সিংহ ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলন, কৃষক সংগ্রাম এবং শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের অন্যতম অগ্রপথিক। তাঁর জীবন, সংগ্রাম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিবছর নেত্রকোনার দুর্গাপুরে এ মেলার আয়োজন করা হয়। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ মেলা স্থানীয় সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও প্রগতিশীল ভাবধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।