সাইফুল ইসলাম ,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন মহিপুর সদরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ হুমায়ুন সিকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিম হাওলাদার এবং ৬ নম্বর মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, সংখ্যালঘু বলতে কোনো সম্প্রদায় নেই, আমরা সবাই বাংলাদেশি।তিনি বলেন, সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সরকার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রীও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ হুমায়ুন সিকদার বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার বলেন, সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন—এটাই সবার প্রত্যাশা। পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া পূজার উপহার বিতরণ করা হয়।