ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে সম্পূর্ণ অবান্তর ও হাস্যকর বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিমানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি না হলে বাংলাদেশ ভয়াবহ অস্তিত্ব সংকটে পড়ত। দেশের রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অতীতের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, সেই বক্তব্যের সত্যতাই এখন প্রমাণিত হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে রশিদুজ্জামান মিল্লাত অভিযোগ করেন, আগের সরকারের আমলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি ও বাড়িঘর দখলের অধিকাংশ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। অথচ এসব কর্মকাণ্ডের দায় অন্যদের ওপর চাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্যও বিগত সরকারের অপরিকল্পিত নীতিকে দায়ী করেন বিমানমন্ত্রী। তিনি বলেন, তৎকালীন সরকারের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা ছিল না। নতুন গ্যাসকূপ খনন কিংবা ভবিষ্যতের জ্বালানি চাহিদা মোকাবিলায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় আজ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী সরকারের দূরদর্শিতার অভাব ও ভুল নীতির কারণে সৃষ্ট সংকটের মাশুল এখন গোটা দেশকে দিতে হচ্ছে।
জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল কবির শামীম তালুকদার এবং নিলুফার চৌধুরী মনি।
অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।