রাজধানীর ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারে যে দলের লোকই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ এ অপরাধে জড়িত থাকলে তার শাস্তি আরও কঠোর হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালান ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।
অভিযানকালে এলাকাবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মাদক কারবারিদের ঢাকা-৬ আসনে কোনো জায়গা হবে না। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে উল্লেখ করে তিনি জানান, গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান শুধু ঢাকা-৬ আসনেই সীমাবদ্ধ থাকবে না, সারা দেশেই এ কার্যক্রম চালানো হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আটক ব্যক্তিদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, কাউকে মারধর করার জন্য অভিযান চালানো হয়নি। পুলিশ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং বিচারপ্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রীর ফোন পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে থানায় নিয়ে আসেন। আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। পরীক্ষার মাধ্যমে সেটি হেরোইন কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত করতে এলাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন প্রতিমন্ত্রী।