মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন গ্রামে অগ্নিকাণ্ডে বিমল মণ্ডল ও বিশু মণ্ডলের দুটি বসতঘর এবং ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর পৌঁছায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কাঠ ও টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।
তিনি জানান, সময়মতো ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি। এতে কয়েকটি বাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বসতঘরগুলো পাশাপাশি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।