নাটোরের গুরুদাসপুরে একই রাতে পৃথক দুটি গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া গরুগুলোর মধ্যে চারটি গাভি ও দুটি বাছুর রয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, সাদা রঙের একটি পিকআপভ্যানে করে গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে। এতে তাঁদের প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি ও গোপীনাথপুর জোলারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, দুধগাড়ি এলাকার ইসমাইল হোসেনের গোয়ালঘর থেকে দুটি গাভি ও দুটি বাছুর নিয়ে যায় দুর্বৃত্তরা। ইসমাইল হোসেন বলেন, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা।
অন্যদিকে গোপীনাথপুর জোলারকান্দি এলাকার আব্দুল আজিজের গোয়ালঘর থেকেও দুটি গাভি চুরি হয়েছে। তাঁর দাবি, গরু দুটির দাম প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
আব্দুল আজিজ বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে গোয়ালে গিয়ে দেখি গরু দুটি নেই। এই গরুর দুধ বিক্রি করেই সংসার চলে। গরু দুটি উদ্ধার ও চোরদের আইনের আওতায় আনার দাবি জানাই।’
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ, রাত আনুমানিক তিনটার দিকে সাদা রঙের একটি পিকআপভ্যানে করে গরুগুলো নিয়ে যাওয়া হয়। একই রাতে কাছাকাছি দুটি এলাকায় গরু চুরির ঘটনায় স্থানীয় খামারি ও গরু পালনকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তাঁদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি চুরি যাওয়া গরুগুলো উদ্ধার করা হোক।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।