মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে ঘাটাইল বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ন্যাশনাল হোমিও হলসহ ফলের দোকান, ডিম, ভোজ্যতেল ও এলপিজি গ্যাসের দোকানে তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। এ সময় ন্যাশনাল হোমিও হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট চার প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান
রুমেল জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।