মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে শ্রীনগর থানাধীন ফেরিঘাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শ্রীনগর থানার এসআই মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে সাবির শেখ (২৬) ও রতন তালুকদার (২৭)কে গ্রেপ্তার করা হয়।
সাবির শেখ ঢাকার দোহার থানার কুতুবপুর এলাকার আবদুল কাদের শেখের ছেলে এবং রতন তালুকদার শ্রীনগর থানার উত্তর মান্দ্রা এলাকার ইসমাইল তালুকদারের ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের দেহ তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে সাবিরের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা এবং রতনের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এ ছাড়া একই রাতে শ্রীনগর থানার বারইখালী বাজার থেকে সরকারি হাসপাতালগামী পাকা সড়কে সেবকসংঘ ক্লাবের সামনে অভিযান চালিয়ে রাজু হোসেন (৩৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি বাড়ৈখালী চৌকিদার বাড়ি এলাকার আবদুল মান্নান হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।