ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সমাজ ও রাষ্ট্রে ন্যায়নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি। একই সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে আয়োজিত এক মাহফিলে তিনি এসব কথা বলেন।
মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। তিনি ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর পাশাপাশি ইসলামি মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’
তিনি আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
চরমোনাই পীর বলেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। পাশাপাশি তিনি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচারের সমালোচনা করেন এবং এসবের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
মাহফিলে তিনি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নৈতিকতা, জবাবদিহিতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।