দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়ার কথা জানান তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের উন্নয়ন ও অগ্রগতি কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে জ্বালানি ও শক্তির ব্যবহার আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আগের তুলনায় নৈরাজ্যকর পরিস্থিতি থেকে দেশ অনেকটাই বেরিয়ে এসেছে। বর্তমানে দেশে সহিংসতার মাত্রাও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেন তিনি।
অনলাইন নিরাপত্তা ও অপতথ্য প্রতিরোধ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সময়োপযোগী ও কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা প্রয়োজন। এমন আইন কার্যকর হলে সমাজে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।