শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বিশ্ব পর্যটন দিবসে কয়রার পর্যটন, সম্ভাবনা বিশাল, বাস্তবায়ন কাগজেই

সাইফুল ইসলাম, কয়রা (খুলনা): ‎সুন্দরবনের কোল ঘেঁষা খুলনার কয়রা। একদিকে নদী, অন্যদিকে সুন্দরবনের ম্যানগ্রোভ বন, তার পরেই বঙ্গোপসাগর। সঙ্গে রয়েছে ঐতিহাসিক স্থাপনা, নদীঘেরা জনপদ ও উপকূলীয় মানুষের বৈচিত্র্যময় জীবনযাপন। প্রকৃতি ও জীববৈচিত্র্যের এমন সমন্বয় কয়রাকে পর্যটনের জন্য করে তুলেছে অত্যন্ত সম্ভাবনাময়। নদীর তীর ঘেঁষে দাঁড়ালেই চোখে পড়ে চিত্রল হরিণের দল। জঙ্গলের গাছ থেকে গাছে লাফিয়ে […]

বিশ্ব পর্যটন দিবসে কয়রার পর্যটন, সম্ভাবনা বিশাল, বাস্তবায়ন কাগজেই

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

সাইফুল ইসলাম, কয়রা (খুলনা):

‎সুন্দরবনের কোল ঘেঁষা খুলনার কয়রা। একদিকে নদী, অন্যদিকে সুন্দরবনের ম্যানগ্রোভ বন, তার পরেই বঙ্গোপসাগর। সঙ্গে রয়েছে ঐতিহাসিক স্থাপনা, নদীঘেরা জনপদ ও উপকূলীয় মানুষের বৈচিত্র্যময় জীবনযাপন। প্রকৃতি ও জীববৈচিত্র্যের এমন সমন্বয় কয়রাকে পর্যটনের জন্য করে তুলেছে অত্যন্ত সম্ভাবনাময়। নদীর তীর ঘেঁষে দাঁড়ালেই চোখে পড়ে চিত্রল হরিণের দল। জঙ্গলের গাছ থেকে গাছে লাফিয়ে বেড়ায় বানর। নদীর পানিতে কখনো দেখা মেলে কুমিরের, কখনো ভেসে ওঠে শুশুক। সুন্দরী, গরান, কেওড়া, গেওয়া, পশুর ও গোলপাতাসহ ম্যানগ্রোভ বনের নানা প্রজাতির গাছের সমাহারে জায়গাটি যেন সুন্দরবনেরই একটি অংশ।

‎এমনই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খুলনার কয়রা উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামের শাকবাড়িয়া নদীর তীরের কেওড়াকাটা। পর্যটনের জন্য প্রকৃতির অপার আয়োজন থাকলেও দীর্ঘদিন ধরে এখানে নেই পরিকল্পিত পর্যটন অবকাঠামো। পর্যটনকেন্দ্র নির্মাণের উদ্যোগ, অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও পাঁচ বছর ধরে প্রকল্পটি বাস্তবায়নের অপেক্ষায়।

‎২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। দিবসটি সামনে রেখে তাই নতুন করে প্রশ্ন উঠেছে—সুন্দরবনের কোল ঘেঁষে এমন অপার সম্ভাবনার পরও কয়রার পর্যটন কেন বারবার কাগজ-কলমেই আটকে থাকবে?

‎‎কয়রায় পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে ২০২১ সালের ১১ অক্টোবর উপজেলার দক্ষিণ বেদকাশীর গোলখালী এলাকায় একটি পর্যটনকেন্দ্র স্থাপনের অনুমোদন দেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। একই অর্থবছরে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে দুই কিস্তিতে ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দও দেওয়া হয়।

‎কিন্তু গোলখালীতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে গেলে বন বিভাগের আপত্তি দেখা দেয়। নির্ধারিত স্থানটি সংরক্ষিত বনাঞ্চলের আওতাভুক্ত হওয়ায় সেখানে পর্যটন অবকাঠামো নির্মাণ নিয়ে জটিলতা তৈরি হয়। ফলে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করা সম্ভব হয়নি।

‎পরে ট্যুরিজম বোর্ডের অনুমতিতে স্থান পরিবর্তন করা হয়। সুন্দরবনসংলগ্ন কয়রা সদর ইউনিয়নের ৬ নম্বর কয়রা গ্রামের কেওড়াকাটায় পর্যটনকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

‎স্থান পরিবর্তনের পরও কেটে গেছে প্রায় তিন বছর। কিন্তু এখনো শুরু হয়নি নির্মাণকাজ।

‎কয়রা উপজেলা সদর থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে শাকবাড়িয়া নদীর তীরে ৬ নম্বর কয়রা গ্রাম। নদীর এক পাশে লোকালয়, অন্য পাশে সুন্দরবন। লোকালয়ের বেড়িবাঁধ ঘেঁষেই গড়ে উঠেছে ঘন সবুজ বন। গোলপাতা থেকে শুরু করে সুন্দরী, গরান, কেওড়া, গেওয়া, পশুরসহ ম্যানগ্রোভ বনের নানা প্রজাতির গাছ রয়েছে সেখানে।

‎নদীর পাড় থেকে তাকালেই দেখা যায় সুন্দরবনের সবুজ দেয়াল। জঙ্গলের ধারে ঘাস খায় চিত্রল হরিণ। গাছের ডালে ডালে ছোটাছুটি করে বানর। শাকবাড়িয়া নদীর পানিতে দেখা মেলে কুমির ও শুশুকেরও।

‎স্থানীয়দের ভাষ্য, নদীর ওপারে সুন্দরবনের ভেতরে রয়েছে কেওড়াকাটা নামের একটি খাল। সেই খালের নাম থেকেই নদীতীরবর্তী এ এলাকার নাম হয়েছে কেওড়াকাটা। প্রকৃতি ও জীববৈচিত্র্যের এমন সমন্বয় পর্যটকদের জন্য এলাকাটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।

‎৬ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা সাংবাদিক ফরহাদ হোসেন বলেন, তিন বছর আগে তাঁর এলাকার নদীর চরের বাগানে কেওড়াকাটা পর্যটনকেন্দ্র নির্মাণের খবর শুনে তাঁরা আনন্দিত হয়েছিলেন। প্রশাসনের লোকজন এসে জায়গা পরিদর্শন করে লাল পতাকাও টানিয়ে গিয়েছিলেন।তবে বছরের পর বছর পেরিয়ে গেলেও কাজ এখনও অসমাপ্ত রয়ে গেছে।

‎পর্যটনকেন্দ্র নির্মাণের প্রস্তাবিত জায়গার পাশের বাসিন্দা সরদার নাজমুস সয়াদাত বলেন, বাইরে থেকে অনেক মানুষ সেখানে ঘুরতে আসেন। তাঁরা নদীর পাড়ে বসে কিংবা নৌকায় করে সুন্দরবনের দৃশ্য উপভোগ করেন। পরিকল্পিত পর্যটনকেন্দ্র হলে পর্যটকেরা আরও বেশি সময় সেখানে কাটাতে পারবেন।‎তাঁর মতে, পর্যটনকেন্দ্র হলে স্থানীয় মানুষের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

‎কয়রার পর্যটন সম্ভাবনা শুধু সুন্দরবনকেন্দ্রিক নয়। উপজেলায় রয়েছে বেশ কিছু ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর মধ্যে মসজিদকুঁড়ের ঐতিহাসিক নয় গম্বুজ মসজিদ, রাজা প্রতাপাদিত্যের বাড়ি, খালে খাঁর ৩৮ বিঘা দিঘি এবং আমাদী বুড়ো খাঁ-ফতে খাঁর দিঘি উল্লেখযোগ্য।

‎সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এসব ঐতিহাসিক স্থাপনাকে যুক্ত করে একটি সমন্বিত পর্যটন সার্কিট গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে দক্ষিণ বেদকাশী, গোলখালী, কেওড়াকাটা, ৪ নম্বর কয়রা ও সুন্দরবনসংলগ্ন অন্যান্য সম্ভাবনাময় এলাকাকেও পর্যটন পরিকল্পনার আওতায় আনা যেতে পারে।

‎উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সভাপতি তরিকুল ইসলাম বলেন, সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত উপকূলীয় উপজেলা কয়রায় পর্যটনকেন্দ্রের প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হলে শুধু কয়রা নয়, আশপাশের এলাকাতেও পর্যটনশিল্পের বিকাশ ঘটবে। সুন্দরবনের পাশের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামও পর্যটকদের আকর্ষণ করতে পারে বলে তিনি মনে করেন।

‎কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি বলেন, “বন বিভাগের আপত্তির কারণে পর্যটনকেন্দ্রের স্থান নির্ধারণে কিছুটা জটিলতা তৈরি হওয়ায় সময় লেগেছে। বর্তমানে নির্ধারিত কেওড়াকাটা এলাকায় বন বিভাগের কোনো আপত্তি নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পর্যটনকেন্দ্র নির্মাণের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

‎কয়রায় পর্যটনকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা। কেওড়াকাটার মতো এলাকায় হরিণ, বানর, কুমির, শুশুকসহ নানা বন্যপ্রাণীর বিচরণ রয়েছে। তাই পর্যটন অবকাঠামো নির্মাণ করতে হবে এমনভাবে, যাতে বন্যপ্রাণী ও সুন্দরবনের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়।

‎স্থানীয়দের প্রত্যাশা, বড় বড় স্থাপনা নির্মাণের পরিবর্তে পরিবেশবান্ধব ওয়াকওয়ে, পর্যবেক্ষণ টাওয়ার, বসার স্থান, নিরাপদ নৌযান, পর্যটক তথ্যকেন্দ্র, পরিচ্ছন্নতা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি স্থানীয়দের সম্পৃক্ত করে পর্যটনভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

‎কয়রার পর্যটন নিয়ে সবচেয়ে বড় আক্ষেপ এখানেই—সম্ভাবনার অভাব নেই, অভাব বাস্তবায়নের গতিতে।

‎২০২১ সালে পর্যটনকেন্দ্র নির্মাণের অনুমোদন, ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ, স্থান নির্বাচন, পরিদর্শন, পরে বন বিভাগের আপত্তির কারণে স্থান পরিবর্তন—সবই হয়েছে। এরপর কেওড়াকাটায় নতুন জায়গা নির্ধারণ করা হয়েছে, নতুন নকশাও তৈরি হয়েছে। কিন্তু এখনও শেষ হয়নি কাঙ্ক্ষিত পর্যটন অবকাঠামো।

‎অথচ প্রতিদিনই প্রকৃতি নিজের মতো করে পর্যটকদের টেনে আনছে। নদীর পাড়ে মানুষ আসছে, সুন্দরবনের দৃশ্য দেখছে, নৌকায় ঘুরছে, হরিণ দেখছে—তারপর কোনো পর্যটনসেবা ছাড়াই ফিরে যাচ্ছে।

‎সুন্দরবনের কোল ঘেঁষা কয়রায় যেখানে প্রকৃতি নিজেই পর্যটনের আয়োজন করে রেখেছে, সেখানে একটি পরিকল্পিত পর্যটনকেন্দ্র গড়ে তুলতে এত দীর্ঘসূত্রতা কেন—এই প্রশ্নই এখন স্থানীয়দের।

‎২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে যখন দেশের পর্যটন সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা হবে, তখন কয়রাবাসীর প্রত্যাশা একটাই—প্রস্তাব, পরিদর্শন আর নকশার গণ্ডি পেরিয়ে এবার বাস্তবায়ন হোক কেওড়াকাটা পর্যটনকেন্দ্র।

‎কয়রার মানুষের বড় একটি অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নদী, সুন্দরবন ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন চালু হলে নৌযান, স্থানীয় পরিবহন, খাবারের দোকান, আবাসন, পর্যটক গাইড, হস্তশিল্পসহ বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

‎সুন্দরবনের পর্যটনের অর্থনৈতিক সম্ভাবনা নিয়েও গবেষণায় ইতিবাচক চিত্র উঠে এসেছে। একটি গবেষণায় সুন্দরবনের পর্যটনকে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একটি ইকোসিস্টেম সার্ভিস হিসেবে উল্লেখ করা হয়েছে। পর্যটকদের জন্য বন্যপ্রাণী পর্যবেক্ষণ, হাঁটার সুযোগ, তথ্যসমৃদ্ধ মানচিত্র ও নিরাপত্তা নির্দেশনা বাড়ানো গেলে পর্যটন আরও বাড়তে পারে বলেও গবেষণায় বলা হয়েছে।

‎

সারাদেশ

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে। হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া […]

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে।

হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া তথ্য থেকে তাজমিনের কক্সবাজারে অবস্থান ও বাড়ি ফেরার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত একটি তিনতলা আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠে তাজমিন ও রিয়াজ। সেখানে তাজমিনের নাম ‘তানজু আক্তার’ এবং বয়স ১৮ বছর উল্লেখ করা হয়। রিয়াজের ঠিকানা হিসেবে বান্দরবানের লামা এলাকার তথ্য দেওয়া হয়। তার বাবার নাম লেখা হয় মনির আহমদ।

হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক রাত অবস্থানের পর ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছেড়ে চলে যান। রেজিস্টারে রিয়াজের দুটি মুঠোফোন নম্বর ও একটি জাতীয় পরিচয়পত্র নম্বরও পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর হোটেল ছাড়ার পর রিয়াজ তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন। এরপর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। অভিযোগ অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া তাকে ধর্ষণের পর হত্যা করেন।

পরদিন ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় করা হত্যা মামলায় সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়।

রিয়াজের এক সহকর্মীর দাবি, ঘটনার প্রায় ১৭ দিন আগে ফেসবুকের মাধ্যমে তাজমিনের সঙ্গে রিয়াজের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাজমিন কক্সবাজারে গেলে তারা একসঙ্গে সময় কাটান।

তবে রিয়াজের ঘনিষ্ঠ অন্য একটি সূত্রের দাবি, প্রায় পাঁচ মাস আগে তাদের পরিচয় হয়েছিল এবং এরপর থেকে নিয়মিত যোগাযোগ ছিল।

তাজমিনের বাড়ি ছাড়ার বিষয়ে জানা যায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যায়।

সেখান থেকে মুঠোফোনে রিয়াজের সঙ্গে যোগাযোগ করলে তাকে কক্সবাজারে আসতে বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যাতায়াতের খরচ হিসেবে রিয়াজ বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠিয়েছিলেন বলেও জানা গেছে।

সহকর্মী জানান, কক্সবাজার থেকে ফেরার জন্য ‘আইকনিক এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসের টিকিট কিনে তাজমিনকে তুলে দেন রিয়াজ। টিকিটের মূল্য ছিল ৯০০ টাকা।

ওই সহকর্মীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রিয়াজের মুঠোফোনে যোগাযোগ হচ্ছিল। এমনকি অটোরিকশাচালক সম্পর্কে কিছু তথ্যও রিয়াজকে জানিয়েছিল তাজমিন।

তবে রাত আনুমানিক দেড়টার দিকে তাজমিনের মুঠোফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দাবি করেন ওই সহকর্মী।

পরদিন টেলিভিশনের সংবাদে তাজমিনের হত্যার খবর জানতে পেরে রিয়াজ হতবাক হয়ে পড়েন বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজের এক সহকর্মী আরও জানান, হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর রিয়াজ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে সহযোগিতা চান। তাজমিনের হত্যার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ওই সহকর্মীর তথ্য অনুযায়ী, রিয়াজ প্রায় তিন বছর ধরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কাজ করছেন। ঘটনার পর তিনি কর্মস্থল থেকে ছুটিতে রয়েছেন।

এদিকে রিয়াজের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য সরাসরি জানা সম্ভব হয়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তাজমিন হত্যার ঘটনায় মুঠোফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্ত শেষ হলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পরিষ্কার হবে।

তবে তাজমিনের কক্সবাজারে অবস্থান, হোটেলের রেজিস্টারে ভিন্ন নাম ও বয়স ব্যবহার এবং রিয়াজের সঙ্গে তার যোগাযোগের বিষয়গুলো তদন্তে কীভাবে বিবেচিত হচ্ছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

সারাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম […]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও সেনবাগ থানা পুলিশকে ঘটনাটি জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা অফিস কক্ষে প্রবেশের পর দুটি স্টিলের আলমিরা ও একটি ফাইল কেবিনেটের তালা ভেঙে ফেলে। এরপর সেখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রধান শিক্ষক রোকেয়া বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

সারাদেশ

মধুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের কলা ও আনারস বাগানের বেহাল অবস্থা

মধুপুর উপজেলার জয়নাগাছা, সোলাকুড়ীসহ আশপাশের এলাকায় ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভেঙে গেছে অসংখ্য কলাগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে আনারস, পেঁপেসহ বিভিন্ন ফসলের বাগান। কৃষকদের ভাষ্য, বছরের পর বছর পরিশ্রম আর বিনিয়োগের পর ফলন পাওয়ার সময় এমন ঝড় তাদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। হরিণধরা গ্রামের কৃষক আবু সায়েম হোসেন বলেন, জীবনের প্রায় অর্ধেক […]

মধুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের কলা ও আনারস বাগানের বেহাল অবস্থা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২১

মধুপুর উপজেলার জয়নাগাছা, সোলাকুড়ীসহ আশপাশের এলাকায় ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভেঙে গেছে অসংখ্য কলাগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে আনারস, পেঁপেসহ বিভিন্ন ফসলের বাগান।

কৃষকদের ভাষ্য, বছরের পর বছর পরিশ্রম আর বিনিয়োগের পর ফলন পাওয়ার সময় এমন ঝড় তাদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। হরিণধরা গ্রামের কৃষক আবু সায়েম হোসেন বলেন, জীবনের প্রায় অর্ধেক পুঁজি তিনি আনারস ও কলাবাগানে ব্যয় করেছেন। আকস্মিক এই ঝড়ে তার সব আশা-আকাঙ্ক্ষা যেন মুহূর্তেই শেষ হয়ে গেছে।

কৃষকদের কাছে কলাগাছের মাজা ভেঙে যাওয়া শুধু একটি গাছের ক্ষতি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে তাদের পরিবারের স্বপ্ন ও জীবিকার হিসাব। আকস্মিক এই ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষা।