রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ। তিনি বলেছেন, এ ঘটনায় তারা লজ্জিত এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা উচিত।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
আবিদ লিখেছেন, ‘সালমান মুক্তাদির জুলাইয়ের সহযোদ্ধা। আমরা লজ্জিত। ক্রিমিনালদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে আহ্বান করছি। পুরো ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে জাতির সামনে উপস্থাপন করুন।’
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্টুডিও সংশ্লিষ্টদের অভিযোগ, একদল লোক সেখানে ঢুকে আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। কয়েকটি মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
সালমান মুক্তাদির দাবি করেছেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তিনি ক্ষতিগ্রস্ত স্টুডিও দেখিয়ে বলেন, হামলার কারণে তার স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন সালমান। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তসাপেক্ষ। ঘটনার প্রকৃত কারণ এবং কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতা আবিদ।