রাষ্ট্রে ধর্ষণ, গণহত্যা ও শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হলেও প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ কিছু বললে দ্রুত বিচারিক ব্যবস্থা নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশু নিখোঁজ, কিশোর গ্যাং, ধর্ষণ ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেন জাবের।
তিনি দাবি করেন, শহীদ ওসমান হাদি হত্যা, জুলাইয়ের সহিংসতা, পিলখানা ও শাপলার ঘটনাসহ বিভিন্ন আলোচিত ঘটনার বিচার এখনো সম্পন্ন হয়নি। বিপরীতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য বা গালির অভিযোগে দ্রুত মামলা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
জাবেরের ভাষ্য, মানহানির অভিযোগের পরিবর্তে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হলে তা আইনের অপব্যবহার এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার সাত মাসের বেশি সময় পার হলেও পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি। কিশোর গ্যাং, শিশু নিখোঁজ ও বিভিন্ন অপরাধের ঘটনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
জাবের আরও বলেন, আইন বা কারাগারের ভয় দেখিয়ে মানুষের মতপ্রকাশের অধিকার বন্ধ করা সম্ভব নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আলোচিত অপরাধগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।