মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে প্রধানমন্ত্রীর আবাসস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। এ সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের বিকল্প নেই।
এ সময় তিনি রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনকভাবে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।