অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট সব কাজের বিরোধিতা করেছে জামায়াত। জনমনে বিভ্রান্তি ও ধোঁয়াশা সৃষ্টি করতেই তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন রিজভী।
তিনি দাবি করেন, জনগণের সঙ্গে বারবার প্রতারণার কারণে জামায়াত মানুষের আস্থা অর্জন করতে পারেনি।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধীদলের ‘আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও’ জড়িত বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
রিজভী বলেন, দেশে জ্বালানি সংকট চলমান থাকা অবস্থায় প্রায় ৪৫০টি গাড়ি নিয়ে উত্তরাঞ্চলে লংমার্চ করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখে টোল আদায়কারীরা হয়তো ভয় পেয়েছিলেন। এ কারণেই যমুনা সেতু পার হওয়ার সময় ১১ দলীয় জোটের লংমার্চে ব্যবহৃত কয়েকটি গাড়ির টোল পরিশোধ করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, বিরোধীদলের কর্মসূচিতে কোনো ধরনের বাধা না আসাই প্রমাণ করে যে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, এনসিপি ও জামায়াত একত্রে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।