সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় সরকারি হাসপাতালের আশপাশে বিপুলসংখ্যক ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে অনুমোদন পেয়েছে, সেগুলো নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা না করলে বন্ধ করে দেওয়া হবে।
সাপের কামড়ে রোগীর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। সাপে কাটার পর দেরি না করে দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী অক্টোবর থেকে হাসপাতালটির শয্যাসংখ্যা বাড়ানোর কাজ শুরু হবে। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে ডায়ালাইসিস সুবিধা, আধুনিক প্যাথলজি ল্যাব এবং নারী-পুরুষের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে হাসপাতাল ব্যবস্থাপনার বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরলে সেগুলো সমাধানের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন।